সম্পাদকের পাতা

স্কুলের নতুন অভিভাবক গ্যাংগার্ডিয়ান

নজরুল মিন্টো

টরন্টোর অনেক স্কুলেই আজ আর শিক্ষক অভিভাবক নন। গত দুই দশকে স্কুলগুলোতে গ্যাং সংস্কৃতি এমনভাবে শেকড় গেঁড়েছে যে, শিক্ষক-অভিভাবকদের চেয়ে এখন সেখানে ‘গ্যাংগার্ডিয়ান’-দের কথাই বেশি শোনা যায়। গ্যাংগার্ডিয়ান—একটি ছায়াময় শক্তি, যারা স্কুলের নিয়ন্ত্রণ নেয়, আইনকে উপেক্ষা করে এবং সহিংসতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এই অদৃশ্য শাসকেরা ক্লাসরুম থেকে প্লেগ্রাউন্ড পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তারা বলে দেয়, আজ কাকে চুপ থাকতে হবে, কার চোখে তাকানো নিষিদ্ধ। পাঠ্যবইয়ের নিচে এখন চাপা থাকে অস্ত্র, বন্ধুত্বের বদলে TikTok-এ চলে রিক্রুটমেন্ট।

কীভাবে একটি শহরের শিক্ষাব্যবস্থা এই অন্ধকারে ঢুকে পড়ল? কেনইবা কানাডার মতো উন্নত দেশে কিশোর গ্যাং সংস্কৃতি মহামারির রূপ নিল? এই প্রতিবেদনে থাকছে টরন্টোর স্কুলগুলোর ভয়ংকর বাস্তবতা—যেখানে শিক্ষকের চেয়ে গ্যাং লিডারই হয়ে ওঠে শিশুদের ‘আদর্শ’।

১৯৯৮ সালে চমকে উঠার মতো একটি তথ্য উদঘাটন করেন টরন্টোর বিশিষ্ট সাংবাদিক মাইকেল শেপার্ড। তিনি ছয় মাস ধরে বৃহত্তর টরন্টোর ২৯টি হাইস্কুলের ১০১৯টি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়ে যে তথ্য প্রদান করেন তা পড়ে পুলিশ প্রশাসন, অন্টারিও সরকার আর যাদের ছেলেমেয়ে হাইস্কুলে পড়ে তাদের মাথা ঘুরে যায়। সেই তথ্য আজও অম্লান, বরং তার উপর যুক্ত হয়েছে আরও নতুন সব ভয়াবহতা, যা এখনকার টরন্টোবাসীর দৈনন্দিন আতঙ্ক।

ষাটের দশকে লসএঞ্জেলসে কালো আমেরিকানদের মাধ্যমে গ্যাং সন্ত্রাসীদের যাত্রা শুরু। তারা ‘ক্রিপস’ নামে পরিচিত হয়। সদস্যদের বয়স ছিল ১২ থেকে ২৪ বছর পর্যন্ত। একই সময়ে শহরের পশ্চিম প্রান্তে ‘ব্লাড’ নামে আরেকটি গ্যাং তাদের উৎপাত শুরু করে। এরপর প্রায় একশটি ছোট ছোট দল ঐ দুই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে যায়। ১৯৮০ সালে পুলিশের হিসাব অনুযায়ী প্রায় ১৫,০০০ কিশোর এবং তরুণ গ্যাংগুলোর সদস্যপদ লাভ করে। আজ এই দুই গ্রুপের ছায়ায় জন্ম নিয়েছে হাজারো গ্যাং। ক্রিপস-ব্লাডস নামগুলো আজও টিকে আছে, তবে রূপ নিয়েছে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, ছদ্মবেশী গ্যাং কালচারে।

২০২৩ সালে টরন্টো পুলিশ সেবা (TPS) জানায়, তারা এখন শহরজুড়ে ১৮০টির বেশি সক্রিয় গ্যাংয়ের অস্তিত্ব নিশ্চিত করেছে। মাত্র এক বছরের ব্যবধানে স্কুল ও কলেজপ্রাঙ্গণে সংঘটিত অস্ত্রধারী সহিংসতার পরিমাণ বেড়েছে ২৩%।

পিল রিজিয়ন, ইয়র্ক, স্কারবোরো, ব্র্যাম্পটনের স্কুলগুলোতেও আতঙ্কের গ্রাফ উর্ধ্বমুখী। ২০২৪ সালের আগস্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১২% কোনো না কোনো গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত, আর ৪৮% শিক্ষার্থী জানে, কারা গ্যাং সদস্য।

একটি সাধারণ ঘটনা। গত বছরের মধ্য নভেম্বরে টরন্টোর জারভিস কলিজিয়েটে স্পাদাইনা গার্লস নামের গ্যাংয়ের সদস্যরা কিম চেন নামে একটি মেয়েকে আক্রমণ করে। প্রথমে তারা কিমের কাছে গিয়ে বলে তার লাস্ট নেম বদল করতে। কারণ তাদের গ্যাং লিডারের লাস্ট নেমও একই হওয়াতে তারা অপমান বোধ করছে।

কিম প্রথমে ভেবেছিল তাঁরা হয়তো তার সঙ্গে কৌতুক করছে। বিষয়টা যে কৌতুক নয় তা সে টের পেলো ঐ মাসেরই তৃতীয় সপ্তাহে। তারা তাকে ঐদিন লাথি মেরে ফেলে দেয় এবং মারধর করে। টানা-হেঁচড়া করার সময় কিম গ্যাং লিডারের জ্যাকেট খামচে ধরে এবং এর খানিকটা ছিঁড়ে যায়। এতে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে এবং কিমের কাছে ঐ জ্যাকেটের দাম হিসেবে ৮০ ডলার দাবি করে।

নববর্ষের দিন তারা কিমকে আবার ধরে এবং এবার ২০০ ডলার দাবি করে। এ অর্থ না দিলে তারা তার আঙুল কেটে ফেলবে অথবা মেরেও ফেলতে পারে বলে হুমকি দেয়। এরপর ডাউন টাউনের একটি ক্লাবঘরে স্পাদাইনা গার্লসরা আবার কিমকে আক্রমণ করতে উদ্যত হয়। এ সময় কিমের বয়ফ্রেন্ড এগিয়ে এলে সিলভার বয়েজের সদস্যরা স্পাদাইনা গার্লসের পক্ষ নিয়ে তাঁকে ছুরিকাঘাত করে এবং তার কান কেটে ফেলে।

এটা মাত্র একটি ঘটনা। এ রকম হাজারো ঘটনা ঘটছে এই মেগাসিটিতে। দিন দিন শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। মারামারি, ছুরিকাঘাত এগুলো এখন নিয়মিত রুটিনের অংশ। বেশিরভাগ শিক্ষার্থী এখন স্কুলে যেতে ভয় পায়। সাহস করে তাদের অভিভাবকদেরও ঘটনাগুলো জানায় না।

সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়:

  • ৬৭% শিক্ষার্থী জানায় তাদের স্কুলে গ্যাং সক্রিয়ভাবে কাজ করে।
  • ২০% শিক্ষার্থী স্কুলে সহিংসতা প্রত্যক্ষ করেছে বা শিকার হয়েছে।
  • ১৪% শিক্ষার্থী জানায় তারা নিয়মিত ব্ল্যাকমেইলের শিকার হয়।
  • প্রতি পাঁচজনের মধ্যে দুইজন মনে করে স্কুলে যাওয়া মানেই ভয় নিয়ে বেঁচে থাকা।

গ্যাং সংস্কৃতি এখন আর রাস্তায় সীমাবদ্ধ নয়। তারা এখন TikTok, Snapchat, Discord-এর মাধ্যমে রিক্রুটমেন্ট চালায়। ভিডিও, চ্যালেঞ্জ, র‍্যাপ গানে গ্যাং কালচার রোমান্টিসাইজড হচ্ছে, যা সবচেয়ে ভয়াবহ পরিণতি ফেলছে অভিবাসী কিশোরদের ওপর।

TPS-এর সহকারী কমিশনার ব্রায়ান মিচেল বলেন: “আমরা গ্যাং রোধে স্কুল রিসোর্স অফিসার মোতায়েন করেছি, কিন্তু অনেক স্কুল কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয় না। কারণ তারা চায় না স্কুলের ‘ইমেজ’ নষ্ট হোক।”

পুলিশ জানিয়েছে, তাদের সর্বশেষ ক্যাম্পেইন ‘Safe School Streets’ শুরুর পর ৬ মাসে ৯২টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, যার ৩৪টি সরাসরি স্কুল প্রাঙ্গণ বা আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। তবে বাস্তবতা হলো, অনেক স্কুল এই তথ্য লুকাতে চায়। কারণ তারা ভয় পায়—ডোনার বন্ধ হবে, অভিভাবকেরা সন্তানকে অন্য স্কুলে স্থানান্তর করবে, রেটিং কমবে।

পুলিশের একজন মহিলা কনস্টেবল জানিয়েছেন, ছেলেদের চাইতে মেয়েরা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বেশি। তিনি জানিয়েছেন ১২ থেকে ১৭ বছরের মেয়েদের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ গত দশ বছরে ১৭৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। শুধু গত বছরেই ৫২৯টি রেকর্ড পুলিশের খাতায় লিপিবদ্ধ হয়েছে।

কোনো কোনো দলের মধ্যে ছেলেমেয়ে উভয়েই রয়েছে, আবার শুধু ছেলেদের এবং শুধু মেয়েদের নিয়েও গ্যাং রয়েছে। মেয়েদের নিয়ে ৫টি গ্যাংয়ের তালিকা পুলিশের খাতায় রয়েছে। জানা গেছে, মেয়েদের গ্যাংকে ছেলেরা সাংঘাতিক ভয় পায়। এরা ভয়ঙ্কর বলে তাদের ধারেকাছে কেউ ঘেঁষে না।

গ্যাং জগতে পুরনো সব গ্যাং যেমন ছিল—ট্রাইফ কিডস, সিলভার বয়েজ, লা ফেমিলিয়া—তেমনি নতুন নতুন নাম এসেছে, যেমন ‘ডার্ক স্পার্কস’, ‘ব্ল্যাক সেন্টিনেল’, ‘নাইন নাইটস’, ‘দ্য ব্লকস‘ ইত্যাদি।

একেক গ্যাংয়ের সিগন্যাল যেমন আলাদা, তেমনি তাদের চুলের স্টাইল, পোশাক, জুতো, গায়ের উল্কি বা চিহ্নও আলাদা থাকে। যেমন টরন্টোর লুনি টুনস গ্যাংয়ের সদস্যদের হাতের সিগন্যাল হচ্ছে ‘বি’। তারা ‘ব্লাড’কে অনুসরণ করে। তাদের পোশাক লাল রংয়ের থাকে। ‘ক্রিপস’-এর সদস্যদের পোশাক হচ্ছে নীল। যারা বিশ্বস্ত তাদের আবার নিজস্ব ভাষাও রয়েছে। ‘ব্লাড’-এর সদস্যরা সি দিয়ে যত শব্দ আছে সেটাকে বি দিয়ে শুরু করবে। যেমন ‘কফি’কে তারা বলে ‘বফি’।

ভুল সিগন্যালের কারণে এক গ্যাংয়ের সদস্য অন্য জায়গায় গেলে তার জীবন নাশ হওয়ারও সম্ভাবনা থাকে। দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে অনেকে ছুরি নিয়ে নিজের শরীর কেটে বিভিন্ন সিগন্যাল লিখে রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি গ্যাংয়ের একজন সদস্য জানায়, দলের প্রথম সারির নেতা হতে গেলে (তাদের ভাষায় গ্র্যাজুয়েশন) শুরুতে তাকে যে কাজ করাতে হবে তা হলো যে কোনো একজন ক্যাব ড্রাইভারকে লুট করা।

গ্যাং সদস্যদের প্রায় প্রত্যেকের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। তারা গাড়ি চুরিসহ এমন কোনো কাজ নেই যা করতে সাহস করে না। গ্যাংয়ের সদস্যদের ধারণা, দলের প্রতি শ্রদ্ধা দেখাতে হলে মারামারি, চুরিচামারি এগুলো করতে হবে। তাই ছোটখাটো চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত এরা করতে দ্বিধা করে না।

এই হলো উত্তর কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চালচিত্র। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সন্ত্রাস দূর করার জন্য শিক্ষাবিদ, পুলিশ, মনস্তত্ত্ববিদরা এখন বৈঠকের পর বৈঠক করছেন। কী করা যায়। কী উপায়? এর সমাধান কোথায় তারা ভেবে দেখছেন।

এক গবেষণায় দেখা গেছে, যারা মাত্র ১–২ বছর আগে কানাডায় এসেছে, তারাই সবচেয়ে ঝুঁকিতে। কারণ তারা পরিচয়ের সংকটে ভোগে, পরিবারে সময় পায় না, স্কুলে বৈষম্যের শিকার হয় এবং সহজেই “স্বীকৃতির খোঁজে” গ্যাংয়ে ঢুকে পড়ে।

প্রিয় পাঠক, আপনি যদি স্কুলপড়ুয়া কোনো সন্তানের অভিভাবক হয়ে থাকেন তবে খেয়াল রাখুন আপনার সন্তান কোথায় যায়, কাদের সঙ্গে চলাফেরা করে। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে জেনে নিন স্কুলের পরিবেশ। যদি কিছু টের পেয়ে থাকেন তবে দেশীয় স্টাইলে শাসন না করে ‘টেকনিক’ ব্যবহার করুন। এ ক্ষেত্রে বন্ধুবান্ধবের পরামর্শ নিন।

Back to top button
🌐 Read in Your Language