জাতীয়

জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি উৎখাত করবে

মৌলভীবাজার, ২৫ মে – জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি উৎখাত ও দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এমন একটি সময় ছিল তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না। মানুষের সাথে পশুর মতো আচরণ করে আজ তারা এদেশ থেকে পালিয়ে গেছে। দুঃখের বিষয়, যাবার আগে তারা তাদের নেতাকর্মীদের কিছু না বলে নিজের জান নিয়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিতে কাউকে বসবাস করতে দেয়নি। তারা জুলুমের সীমা অতিক্রম করেছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা এই জালিমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদে সোচ্চার ছিলাম।

জামায়াতের আমির বলেন, এদেশের হাজার হাজার কোটি টাকা বিগত সরকার বিদেশে পাচার করেছিলেন। তার পিতা বলেছিলেন- সবাই পেল সোনার খনি, আমরা পেলাম চোরের খনি। তিনি আরও বলেছিলেন- পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেল, এই চোরদের নিল না কেন?

শফিকুর রহমান বলেন, আমরা জনকল্যাণমূলক বাংলাদেশ চাই। এখানে কোনো বৈষম্য থাকবে না। মানুষ শান্তিতে দুবেলা খেতে পারবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি উৎখাত করবে। দুর্নীতিবাজদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি জনতাকে উদ্দেশ করে বলেন, আমরা গরু চোরকে ঘৃণা করি। কিন্তু যারা কলমের খোচায় রাষ্ট্রের কোটি কোটি টাকা দুর্নীতি করে, পাচার করে তাদের বেলায় আমরা নীরব ভূমিকা পালন করি। তা মোটেও কাম্য নয়।

জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন- এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language