রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার, ৬ দিনে ৬৩ কোটি ডলার রেমিট্যান্স

ঢাকা, ০৮ অক্টোবর-দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। এর ফলে অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।
এস এম/ ০৮ অক্টোবর ২০২৬







