উত্তর আমেরিকা

পাকিস্তানে হামলার বিষয়ে ভারতকে যে নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ০২ মে – কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে ‘বৃহত্তর আঞ্চলিক সংঘাত’ এড়ানোর অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। একইসঙ্গে সংঘাত এড়াতে ভারত ও পাকিস্তান দুই দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যাদের ২৫জনই ছিলেন পর্যটক। গত মাসেই ভারত সফরে যান জেডি ভান্স।

ভান্স বলেন, ‘ভারত এই সন্ত্রাসী হামলার জবাবে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে না যায়, এটা আমাদের প্রত্যাশা।’

এদিকে পাকিস্তান প্রসঙ্গে ভান্স বলেন, ‘আশা করি পাকিস্তান পুরো দায়িত্ব নিয়ে ভারতকে সহযোগিতা করবে, যাতে নিশ্চিত করা যায় যে তাদের ভূখণ্ডে মাঝেমধ্যে যে সন্ত্রাসীরা তৎপরতা চালায়, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’

পেহেলগামে হামলার ঘটনার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই হামলার নিন্দা জানান।

তবে ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপরই সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর সিদ্ধান্ত নেয় ভারত। অন্যদিকে পাকিস্তানও পাল্টা একাধিক কঠোর পদক্ষেপ নেয়। এ নিয়ে দুই দেশের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর এই হামলাটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলাগুলির মধ্যে একটি।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০২ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language