শিক্ষা

চূড়ান্তভাবে সাত কলেজের অধিভুক্তি বাতিল করলো ঢাবি

ঢাকা, ২৫ এপ্রিল – অধিভুক্ত সরকারি সাত কলেজকে পৃথকীকরণের সিদ্ধান্ত চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় অনুষ্ঠিত চলতি বছরের ৫ম সিন্ডিকেট সভায় পৃথকীকরণের এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, অফিশিয়ালি সাত কলেজের পৃথকীকরণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত ইউজিসিতে পাঠালে বাকি কাজ তারাই করবে। সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠামো অনুমোদন পেলে সে কাঠামোর অধীনেই চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক পৃথকীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পৃথকীকরণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসব কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তাহলে ঢাবি কর্তৃপক্ষ সে দায়িত্বশীলতা বজায় রাখবে।

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের পৃথকীকরণের সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্ট্রার বলেন, সাত কলেজ বিষয়ে বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যে পর্যালোচনা হয়েছে, সেটাই আজকের সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আজকের সিদ্ধান্ত লিপিবদ্ধ আকারে আমরা অফিশিয়ালি জানাবো। ঢাবির আজকের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৫ এপ্রিল ২০২৫

Back to top button
🌐 Read in Your Language