‘জীবনের পথচলা থেকেই তৈরি আমি’, অক্সফোর্ডে বক্তৃতার আগে প্রতিক্রিয়া মমতার

কলকাতা, ২৭ মার্চ – তাঁর কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে রাজ্যবাসী। দেশীয় রাজনীতিতেও তাঁর প্রভাব উল্লেখযোগ্য। সংসদ হোক কিংবা বিধানসভা, প্রশাসনিক বৈঠক হোক কিংবা জনসভা-প্রত্যেক মঞ্চেই তিনি সাবলীল। এবার একই চিত্র দেখা গেল লন্ডনেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু তার জন্য যে আলাদা করে কোনও প্রস্তুতি নেননি সে কথা জানালেন নিজেই। বললেন, “আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি, জীবনের পথচলা থেকেই তৈরি আমি।”
একাধারে তিনি বাংলার প্রশাসনিক প্রধান। অন্যদিকে দাপুটে রাজনৈতিক নেত্রী। তবে শত ব্যস্ততার মধ্যেও শিল্পচর্চা বজায় রেখেছেন মমতা। ছবি আঁকা, কবিতা লেখা চালিয়ে গিয়েছেন সমান তালে। লন্ডনে ভারতীয় হাইকমিশনারকে নিজের আঁকা ছবি এবং লেখা কবিতার বই উপহারও দিয়েছেন। এবার বক্তব্য রাখতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হলেন। সেই যাত্রাপথেই তিনি জানালেন, “আমি বক্তৃতা পারি না। আমি রান্না, ছবি, গান ভালোবাসি।”
সূত্র: সংবাদ প্রতিদিন পত্রিকা
এনএন/ ২৭ মার্চ ২০২৫









