কামরাঙ্গীরচরে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৫

ঢাকা, ১২ মার্চ – রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কামরাঙ্গীরচর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, কামরাঙ্গীরচরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মনির চেয়ারম্যান এবং থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যদিও সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়। তবে ভোর পর্যন্ত দুপক্ষের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেন। এ ঘটনায় পুরো কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, মেলার টেন্ডার ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ মার্চ ২০২৫









