গবেষণা

ক্যানসার নির্মূলে নতুন স্মার্ট ইনজেকশন: ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যাপক সাফল্য

ক্যানসারের চিকিৎসায় নতুন ধরনের এক ইনজেকশনের পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল পেয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন যে ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন এই ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরি নির্মূল করতে সক্ষম।

১১টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ইনজেকশন এমন রোগীদের ওপর প্রয়োগ করা হয়েছিল যাদের ক্যানসার দেহের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং প্রচলিত কোনো চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছিল না।

অ্যামিভান্টাম্যাব নামের এই ইনজেকশন পরীক্ষায় অংশ নেওয়া এক তৃতীয়াংশের বেশি রোগীর টিউমারের আকার ছোট করতে সফল হয়েছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই রোগীদের শরীরে নাটকীয় পরিবর্তন দেখা গেছে। এমনকি ১৫ জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান যে ওষুধটি তাদের টিউমার সম্পূর্ণভাবে গলিয়ে দিয়েছে।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের বায়োলজিক্যাল ক্যানসার থেরাপি বিষয়ক অধ্যাপক কেভিন হ্যারিংটন এই উদ্ভাবনকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে এই চিকিৎসা পদ্ধতি প্রতি বছর হাজার হাজার রোগীর উপকারে আসতে পারে।

গবেষণার সম্পূর্ণ ফলাফল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠেয় আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় উপস্থাপন করার কথা রয়েছে।

গবেষকরা জানান যে মাথা ও গলার ক্যানসারের পাশাপাশি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এই ইনজেকশন একই ধরনের ইতিবাচক প্রভাব দেখিয়েছে।

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এই স্মার্ট ইনজেকশন তিনটি ভিন্ন উপায়ে ক্যানসারের বিরুদ্ধে কাজ করে এবং এটি ত্বকের নিচে প্রয়োগ করা যায় বিধায় চিকিৎসা প্রক্রিয়া অনেক সহজ হয়।

এই ট্রায়ালের মাধ্যমে ৫৬ বছর বয়সী কার্ল ওয়ালশ নামের এক ব্রিটিশ নাগরিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে জানা গেছে।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language