কুমিল্লা

কুমিল্লায় বাসে ৮ জনকে পুড়িয়ে হত্যা, সাবেক কাউন্সিলর গ্রেফতার

কুমিল্লা, ০৭ ফেব্রুয়ারি – বাসে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি চাঁন্দিশকরা মুন্সি বাড়ির আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন আবদুল হালিম। গোপন সংবাদের ভিত্তিতে রাতে মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language