নাটোর

৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোর, ২৩ ডিসেম্বর – নাটোরে ঘন কুয়াশার কারণে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।আজ সোমবার ভোরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে ঘন কুয়াশায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়।এ সময় উভয় পাশ থেকে তিনটি তিনটি করে ছয়টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ৬/৭ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালুবোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাটোর- রাজশাহী মহসড়কের চানপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ হোসেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language