রাজবাড়ী

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী, ১৩ নভেম্বর – রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর সার্বজনীন মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

জানা‌ গেছে, রাত সাড়ে ৯টার দিকে কিছু দুর্বৃত্তরা রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশ থেকে তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হ‌য়। সেখানে অবস্থার অবন‌তি হলে উন্নত চি‌কিৎসার জন্য তাকে ফরিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ‌তি‌নি মারা যান।

নিহত তানভীরের ভাবী লিমা খাতুন জানান, ‘রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশেই মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।’

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তানভীরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ নভেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language