রেলপথে দাঁড়িয়ে ৪০ মিনিট ট্রেন আটকে জনতার বিক্ষোভ

রাজবাড়ী, ০৩ নভেম্বর – বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের খবরে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ট্রেনটি ৪০ মিনিট আটকে রাখেন বিক্ষোভকারীরা।
গতকাল শনিবার রাত পৌনে ৮টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা।
এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এ রুটে আরও নতুন ট্রেন দেওয়ার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন বিক্ষোভকারী।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানান, আগামী ১৫ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীর উপর দিয়ে চলাচলরত ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্মপ্রেস ট্রেন তুলে নেওয়ার খবরে বিক্ষোভ হলেও এখনও কোন চিঠি বা পরিপত্র পান নাই। তারপরও স্টেশন কর্তৃপক্ষ বিক্ষোভের বিষয়টি রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
এ সময় বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনি, শাহ আলম, কাউসার আহস্মেদ রিপন, সোনিয়া আক্তার স্মৃতি, গোলাম মহিউদ্দিন গিটার, লিটন প্রমূখ।
জানা গেছে, ২০২৩ সালের ১ ও ২ নভেম্বর রাজবাড়ী উপর দিয়ে চলাচল শুরু করে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৩ নভেম্বর ২০২৪









