মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৩

দামেস্ক, ১৩ জানুয়ারি- পূর্ব সিরিয়ার অস্ত্র ডিপো ও সামরিক অবস্থানগুলিকে লক্ষ্য করে ইসরায়েল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতভর বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সাত সেনাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮ বার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হামলায় সাত সিরীয় সেনা এবং তাদের মিত্র ১৬ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশি যোদ্ধাদের জাতীয়তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন :  জঙ্গি ঘাঁটিতে সিরিয়ায় ১৩০ বার বিমান হামলা, নিহত ১২

এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ হামলার খবর নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র: বার্তা২৪

আর/০৮:১৪/১৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language