ক্রিকেট

মাইনাসে আছি, আমরাও হতাশ

ঢাকা, ২৮ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, ‘বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য হতাশা আছে। তবে বিশ্বাস রাখুন, ভবিষ্যতে ভালো কিছু উপহার দেব।’

তিনি বলেন, ‘আমরা তো মাইনাসেই আছি। প্লাস করতে হবে। প্রথমবার আমরা সুপার এইট খেললাম, পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। নেতিবাচক দিকটাই বেশি। প্রত্যাশা না মেটানোতে সবাই হতাশ। প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি। তাই আমরাও সব মিলিয়ে হতাশ।’

টুর্নামেন্টে বোলাররা ছিলেন দুর্দান্ত, তবে ভুগিয়েছেন ব্যাটসম্যানরা। কেন এমন হচ্ছে জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে আমিও কখনো এত লম্বা সময় ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিনি। আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠব।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলংকাকে হারিয়ে যাত্রা শুরু করে তারা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায়। তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় টাইগাররা।

তবে শেষ আটে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনীরা। এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ। তবে দুই ম্যাচ হেরেও সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। শেষ আটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে নাটকীয় সেই ম্যাচ হেরে শেষ আট থেকেই বিদায় নেয় শান্তর দল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং নিয়ে সাবেকরা প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন সকলে। ব্যাট হাতে কেউ এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে পারেনি। সবাইকে হতাশ করেছেন সাকিব-শান্তরা। অভিজ্ঞ মাহমুদউল্লাহও ছিলেন অনুজ্জ্বল।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language