এশিয়া

শপিংমলে একসঙ্গে ঢুকে পড়ল ১০০ কুকুর, অতপর…

বেইজিং, ০৮ এপিল – চীনে পোষা প্রাণীদের জন্য একটি পেট ক্যাফে থেকে প্রায় ১০০টি কুকুর পালিয়ে একসঙ্গে পাশের একটি শপিংমলে ঢুকে পড়ে। এতে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় পুরো শপিংমলে। এতো কুকুর সামাল দিতে হিমশিখ খেয়ে যান সেখানকার নিরাপত্তা কর্মীরা। সম্প্রতি শেনজেন শহরে এ ঘটনা ঘটে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, শেনজেন শহরের একটি পেট ক্যাফেতে ১০০টি হাস্কি জাতের কুকুর ছিল। অনেকদিন পর ক্যাফের মালিক ফিরে আসার আনন্দে খুব উত্তেজিত হয়ে পড়ে এই আদুরে কুকুরেরা। হঠাৎ ক্যাফের দরজা খোলা পেয়ে ছুটে বেড়িয়ে যায় তারা। এরপর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে পাশের শপিংমলে। সেখানে ঢুকে কুকুরগুলো উত্তেজিতভাবে ছোটাছুটি করতে থাকে। এ সময় ভয় পেয়ে যান অনেকে। তবে শপিংমলে কেনাকাটা করতে আসা বা দোকানগুলোতে কর্মরত কারো কোনো ক্ষতি করেনি হাস্কিরা।

এদিকে খবর পেয়েই ক্যাফে থেকে সেখানকার কর্মীরা ছুটে আসেন। এক এক করে কুকুরদের সেখান থেকে নিয়ে ক্যাফেতে ফেরত আসতে থাকেন। তবে ১০০টি কুকুরকে সহজে ধরা করা সম্ভব হয়নি। শপিংমলে আসা অনেক দর্শনার্থীও সহায়তা করেন কুকুরদের ধরতে।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ঘটনাটি। অনেক নেটিজেন ভিডিওটি শেয়ার করে মজার মন্তব্য করেছেন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৮ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language