পশ্চিমবঙ্গ

‘আমার শরীর কেমন আছে জানতে চেয়েছে সৌরভ’, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন মমতা

কলকাতা, ২ জানুয়ারি- অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ শারীরিক অবস্থা দেখে বেরিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমধ্যমকে এও জানান, হাসপাতালের বিছানায় শুয়েও তাঁর শরীর ভাল আছে কি না জানতে চেয়েছেন সৌরভ৷

সৌরভকে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌরভের এই ঘটনাটা না ঘটলে তো জানতেই পারতাম না! ভাবতেই পারছি না, এইটুকু বাচ্চা ছেলে! ওর এরকম হবে!’’ মমতা জানান, “সৌরভ এখন ভালই আছে। হাসছে।

হাসপাতালের বেডে শুয়ে আমাকেই উলটে জিজ্ঞেস করল, আপনার শরীর ভাল আছে তো? তবে একটা বিষয় জেনে আমি অবাক হলাম। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হয়েও সৌরভ কখনও কোনও টেস্টই করায় না। সেই জন্যই অভিষেককে (ডালমিয়া) বললাম, বড় গেমসের আগে যেন অন্তত প্রথম সারির গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের শারীরিক টেস্ট করানো হয়। ওর বিষয়টা থেকেই শিক্ষা নেওয়া দরকার। ওর মতো বাচ্চা ছেলের এরকম হবে কে ভেবেছিল।”

এরপরই হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। একটা ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর ঠিক হয়ে গিয়েছে। বুকে ব্যথাও আর নেই। খুব দ্রুততার সঙ্গে কাজ করেছে মেডিক্যাল টিম। তাঁদের অনেক ধন্যবাদ।”

শনিবার জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় নিজের উদ্যোগেই হাসপাতালে ভরতি হন তিনি। তারপরই জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। আলিপুরের বেসরকারি হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর তা ঠিক আছে।

একটি স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি ব্লকেজ রয়েছে তাঁর। সৌরভের জন্য পাঁচ চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। নেতৃত্বে রয়েছেন সরোজ মণ্ডল। বাকি চার সদস্য হলেন ভবতোষ বিশ্বাস, আফতাব খান, এ বি রায় এবং সৌতিক পাণ্ডা। প্রাথমিক ভাবে তাঁরাই সৌরভের চিকিৎসা করেছেন।

সোমবার সৌরভের বাকি দু’টি ধমনীতে স্টেন্ট বসানো হবে কি না। নাকি তাঁর বাইপাস সার্জারি হবে, সবই তাঁরা সিদ্ধান্ত নেবেন।

আরো পড়ুন: ‘মানুষের পাশে থাকার লক্ষ্যপূরণে সমর্থ হয়েছি’, দলের প্রতিষ্ঠা দিবসে টুইট মমতার

মন্ত্রী ফিরহাদ হাকিম সৌরভকে দেখে বেরিয়ে জানান, সৌরভ তাঁকে অনুযোগ করে বলেছেন, ‘‘কেন কষ্ট করে এতদূর আসতে গেলেন!’’ আর রাজ্যপালের কথায়, ‘‘দাদাকে হাসতে দেখে তাঁর কোটি কোটি ভক্তের মতো আমারও দুশ্চিন্তা দূর হয়েছে। ওঁর ঘরে ঢোকার আগে আমি খুবই চিন্তায় ছিলাম।’’

গত কিছুদিন ধরেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হচ্ছিল। শোনা যাচ্ছিল, তিনি বিজেপি-তে হয় সরাসরি যোগ দেবেন, নয়তো বিজেপি-র হয়ে বিধানসভা ভোটে প্রচার করবেন। কিন্তু এই অসুস্থতা আপাতত সেই জল্পনাতেও জল ঢেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের৷

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language