প্রথমবার টিভি শো নিয়ে তিশা
ঢাকা, ৩০ ডিসেম্বর- টিভি নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। একসময় ছিল তার গানের দল, নাচেও পারদর্শী তিনি। টিভিতে তার অনেক জনিপ্রয় বিজ্ঞাপনও প্রচার হয়েছে। তবে কখনোই টিভির কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়নি এই তারকাকে।
এবারই প্রথম টিভি শো উপস্থাপনা করছেন তিশা। প্রেজেন্ট বাই গ্রামীণফোন ফোর জি ‘দ্য বক্স’ নামের এই গেম শোটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। ইতিমধ্যে ধারণ করা হয়েছে এর প্রথম পর্ব।
অতিথি ছিলেন দীপংকর দীপনের প্রশংসিত ওয়েব ফিল্ম ‘লিলিথ’-এর নায়ক-নায়িকা সিয়াম আহমেদ ও মাসুমা রহমান নাবিলা। তিশা বলেন, ‘এর আগে স্টেজে দু একবার অনুষ্ঠান উপস্থাপনা করলেও এই প্রথম নিয়মিত উপস্থাপনা করছি। এটি একটি গেম শো। এখন টেলিভিশনে অনেক শো হচ্ছে। তাই অনুষ্ঠানটি যাতে দর্শকের পছন্দের তালিকায় আসতে পারে সেজন্য পুরোপুরি ভিন্নতা আনা হয়েছে। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।’
তিনি আরও জানান, এখানে প্রতি পর্বে অংশ নিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন উঠে আসবে।
নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘অনুষ্ঠানটির প্রথম সিজন আমরা পাঁচ পর্বে ভাগ করেছি, যা একসঙ্গে এনটিভি ও এটিএন বাংলায় প্রচার হবে। প্রচার শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে। আশা করি আমার নির্মিত আগের টিভি শোগুলোর মতো এটিও সবার পছন্দ হবে।’
আডি/ ৩০ ডিসেম্বর









