ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ওয়াশিংটন, ৪ জুন – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সমাপ্তি ঘটেছে। তিনি জানান, মার্কিন বাহিনী বর্তমানে ইরানে নতুন করে কোনো হামলা চালাচ্ছে না।
গত কয়েক দিনের পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির এক শুনানিতে তিনি এই তথ্য জানান।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক তৎপরতা চালাচ্ছে না এবং তাদের সামরিক শক্তি ছত্রভঙ্গ করার নতুন কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে চলমান উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করেছিল। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দুই দেশের বাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সম্প্রতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বোমাবর্ষণ করে। শুনানিতে ক্যালিফোর্নিয়ার এমপি সারা জ্যাকব প্রশ্ন তোলেন যে, অভিযানের নাম পরিবর্তন করলেও বাস্তব চিত্র বদলায়নি।
তিনি উল্লেখ করেন যে হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ এবং মার্কিন সেনারা ঝুঁকির মধ্যে রয়েছে। এর জবাবে রুবিও দাবি করেন যে মার্কিন অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি জানান, ইরানের প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোনের মজুত ধ্বংস করা হয়েছে।
এমনকি তাদের বিমান ও নৌবাহিনীকেও কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনএন/ ৪ জুন ২০২৬









