আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৬ জন, বাতিল ৫২

ঢাকা, ১৩ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলের শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৬ জন। এদিন ৫২টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া ৩ জন প্রার্থীর আপিলের সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার ৯৯টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৪৬ জন। আপিল নামঞ্জুর হয় ৫১ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।
এরআগে, তৃতীয় দিন ৯৮টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল। সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।
আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।
এদিকে শুনানিতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থনের কারণে বাদ পড়া অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আর এসব প্রার্থীর অধিকাংশই স্থানীয় আওয়ামা লীগ নেতা হওয়ায় ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩









