ময়মনসিংহ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় মাদক কারবারির মৃত্যু

ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর- ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারতের মাদক চোরাকারবারীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে এক মাদক চোরাকারবারী নিহত হন।

সোমবার দিবাগত মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভারতীয় নাগরিকের নাম ডেবিট মোমিন (৪৬)। তিনি ভারতের গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৌহিদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে ভারতীয় চোরাকারবারীদের একটি দল হালুয়াঘাট উপজেলা সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহলরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

তিনি বলেন, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক ভারতীয় মাদক চোরাকারবারী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ২৬০ পিস ইয়াবা, ১২ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এতে ভারতীয় এক চোরাকারবারী নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language