মধ্যপ্রাচ্য

গাজা শহর ঘিরে ফেলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

জেরুজালেম, ০৩ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান কেন্দ্র গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। এজন্য সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, হামাসের কেন্দ্র বিন্দু গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা।

দানিয়েল হাগারি এমন খবর দেওয়ার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। এছাড়া ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব এবং জিতব। আমরা সৃষ্টিকর্তা ও সাহসী সেনাদের সহায়তায় হামাসকে নির্মূল করব।

তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ হাজারের বেশি গাজায় সাধারণ মানুষের প্রাণ হারিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language