জাতীয়

বাংলাদেশ ও ইতালির বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ মন্ত্রীর

ঢাকা, ২৩ এপ্রিল – বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন যে ইতালি বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু এবং স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখছেন।

তিনি উল্লেখ করেন বাংলাদেশে বিশেষ করে আসবাবপত্র শিল্প, জাহাজ নির্মাণ এবং চামড়াজাত পণ্যের উৎপাদন খাতে ইতালির বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার বর্তমানে বন্ধ থাকা জুটমিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এবং সেখানে বিদেশি বিনিয়োগকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো তার বক্তব্যে বলেন ইতালি বাংলাদেশের সঙ্গে তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য শিল্পে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। তিনি জানান আগামী জুলাই মাসে ইতালি থেকে একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন।

এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এবং যৌথ ব্যবসায়িক প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language