কক্সবাজার

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিষধর সামুদ্রিক সাপ

কক্সবাজার, ১৪ অক্টোবর – কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এলো সামুদ্রিক বিষধর সাপ ‘ব্যান্ডেড সি ক্রেইট’। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলের দিকে সাপটি ভেসে আসে। এরপর এটি দেখতে ভিড় করেন পর্যটকসহ শত শত দর্শনার্থী। এ সময় পর্যটকদের সাপটির ছবি ও ভিডিও করতে দেখা গেছে।

সমুদ্রবিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘এটি ব্যান্ডেড সি ক্রেইট (banded sea krait) প্রজাতির সাপ। এই সামুদ্রিক সাপটি বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম। ব্যান্ডেড সি ক্রেইট পূর্ব ভারতীয় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে। দেহে কালো রঙের উলম্ব ব্যান্ড থাকার কারণে এ সাপটিকে ব্যান্ডেড সি ক্রেইট নামে অবহিত করা হয়। এই সাপ বিষধর হলেও এতটাই শান্ত যে মানুষকে খুব কমই কামড়ায়। এমনকি যখন সাপটি হুমকি বোধ করে তখনও আক্রমণ করতে দেখা যায় না। ফলে এ সাপটির আক্রমণে মানুষের মৃত্যুর রেকর্ড খুবই কম।’

ইনানী সমুদ্র সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘ঢেউয়ের সঙ্গে একটি সাপ ভেসে আসে। এটি যে একটি বিষধর সাপ সেটি কেউ খেয়াল করেনি। দেখতে সুন্দর হাওয়ায় পর্যটকরা ছবি তোলেন। পরে বিষয়টি আমরা জানতে পারলে সাপটি আবারও সমুদ্রে ছেড়ে দেই।’

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩

Back to top button
🌐 Read in Your Language