ইউরোপ

ইইউর ২৭ দেশে ব্যাপকহারে করোনার টিকা প্রদান শুরু

লন্ডন, ২৭ ডিসেম্বর- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত ২৭ দেশে ব্যাপকহারে করোভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে। আগে দু’একটি দেশ ফাইজার-বায়োএনটেকের এই টিকা প্রদান শুরু করলেও রোববার আনুষ্ঠানকি সব ক’টি দেশ একযোগে এই টিকা প্রদান শুরু করে।

ব্যাপকহারে টিকা প্রয়োগ শুরুর এই ব্যাপারটিকে ‘এক হওয়ার মর্মস্পর্শী মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন ইইউ কর্মকর্তারা। খবর বিবিসির

এর আগে শনিবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান ইইউর ২৭ দেশের মধ্যে এরই মধ্যে করোনার টিকা বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইজার- বায়োএনটেক উদ্ভাবিত এই টিকা প্রথম অনুমোদন দেয় ব্রিটেন। এরপর অনেক দেশ এর অনুমোদন দিতে শুরু করে।

উৎপাদকদের দাবি, পরীক্ষার চূড়ান্ত ধাপে এই টিকা মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে। টিকার চার কোটি ডোজের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার।

বিবিসি জানায়, ইইউভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত বলে শনাক্ত হয়েছে প্রায় দেড় কোটি মানুষ।

রোববার ইইউ দেশগুলোর ৪৪৬ মিলিয়ন মানুষকে ফাইজারের এই টিকা দেওয়া শুরু হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুই বিলিয়ন টিকা নেওয়ার চুক্তি করেছে রেখেছে ইইউ।

এদিকে ইতালির রোম থেকে সমকালের প্রতিনিধি জানিয়েছেন, প্রাণঘাতী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। রোববার সকালে রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।

প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরনিনি। এরপর ভ্যাকসিন দেওয়া হয় হাসপাতালের ভাইরোলজি ল্যাবরেটরির পরিচালক ৬৭ বছর বয়সী মারিয়া রোজারিয়া কাপোবিয়াঙ্কিকে।

আগামী সপ্তাহে ইতালিতে আরও ৪ লাখ ৭০ হাজার ভ্যাকসিন দেওয়া হবে। ১৫ জানুয়ারির মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৩২৩ ডোজ ভ্যাকসিন দেশটিতে পৌঁছাবে। সরকার পর্যায়ক্রমে দেশটির সব নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেছেন কেয়ারহামে থাকা ৭৮ বছর বয়সী এক নারীকে।

আরও পড়ুন- ইউরোপের ৮ দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ

ভ্যাকসিন প্রয়োগ শুরুর প্রতিক্রিয়ায় জার্মানির জেন্স স্প্যান শনিবার বলেন, এটা সত্যি ক্রিসমাসের আনন্দবার্তা। পুরো ইউরোপজুড়ে ভ্যাকসিন পৌঁছে গেছে। জার্মানিতেও ভ্যাকসিন পৌঁছে গেছে। মহামারিকে পরাস্ত করতে এই ভ্যাকসিন গুরুত্বপূর্ণ এক চাবিকাঠি।

হাঙ্গেরির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটিতে শনিবারই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথমে একজন চিকিৎসক এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এছাড়া স্লোভেনিয়াসহ ইইউর অন্যান্য দেশেও ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার খবর পাওয়া গেছে।

আডি/ ২৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language