ভোলা

চিকিৎসক সংকটে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসির উদ্দিন লিটন

ভোলা,২৫ ডিসেম্বর- চিকিৎসকসহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র চারজন। এতে চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। অন্যদিকে উপজেলা পরিষদের বেশিরভাগ সরকারি দপ্তরের প্রধানরা মাসে দুই থেকে চারদিন অফিস করায় সেবা বঞ্চিত স্থানীয়রা। কোনো কর্মকর্তার কারণে সেবা বা প্রশাসনিক কাজ ব্যাহত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত ২১ ডিসেম্বর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, অফিস সহকারীসহ কর্মকর্তাদের সকল রুম তালাবন্ধ। জরুরি বিভাগ খোলা থাকলেও চিকিৎসা দেয়ার মতো নেই কেউ। চিকিৎসকের অপেক্ষায় অর্ধশতাধিক রোগী। সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে ছুটে আসেন একজন ডাক্তারসহ তিন থেকে চারজন কর্মচারী।

৫০ শয্যার এ হাসপাতালটিতে ২৫ জন চিকিৎসকের স্থলে রয়েছেন মাত্র চারজন। নার্সসহ অন্যান্য পদ শূন্য রয়েছে ৫৪টি। এ কারণে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কর্তব্যরত মেডিকেল অফিসার।

ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিপন চন্দ্র পাল বলেন, দেখা যাচ্ছে অনেক সিরিয়াল জমে যায়। যতই দ্রুত করার চেষ্টা করি না কেনো সব রোগীকে দেখতে কষ্ট হয়ে যায়। একটা রোগী দেখতে সময় দিতে হয় কিন্তু সে সময়টা আমি তাদের দিতে পারি না।

অন্যদিকে, উপজেলা পরিষদের কৃষি অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মহিলা বিষয়ক, পরিসংখ্যান, শিক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তাসহ ১৩ দপ্তর প্রধানকে সারাদিনেও পাওয়া যায়নি।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতার মারধরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা-মা

তবে, প্রশাসনিক কাজ ব্যাহত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম মিঞা। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া আছে। এর ব্যত্যয় ঘটার কোন সুযোগ নাই। অনৈতিকভাবে কেউ এটা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দ্বীপ উপজেলা মনপুরার জনসংখ্যা ১ লাখ ১১ হাজার ৫০০ জন। প্রতিদিন দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language