বলিউড

মোদীর বায়োপিক থেকেও পিছু হটলেন পরেশ রাওয়াল

মুম্বাই, ২৪ আগস্ট – ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশি, বাঙালি ও রোহিঙ্গাদের নিয়ে তির্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের অভিনেতা ও রাজনীতিবিদ পরেশ রাওয়াল। এ নিয়ে কম আইনি জটিলতা পেরোতে হয়নি অভিনেতাকে। পাশাপাশি হাতছাড়া হয়েছে ‘ওএমজি ২’-এর মতো ছবিও। এবার পরেশের আরও একটি ছবির ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

আনন্দবাজারের খবরে জানানো হয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি জীবনীচিত্র বানানোর কথা ছিল পরেশের। শুধু তাই-ই নয়, মোদীর ভূমিকাতেই অভিনয় করার কথা ছিল তার। প্রস্তুতিও নেওয়ার শুরু করে দিয়েছিলেন অভিনেতা। গত চার বছর ধরে ছবির প্রস্তুতি নেওয়ার পরও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

পরেশ রাওয়াল বলেন, ‘নরেন্দ্র মোদীকে নিয়ে ইতোমধ্যেই তিন-চারটে ছবি বানানো হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তেই এই ছবিটা বানানোর কোনও মানে হয় না। তবে ছবির গল্পটা আমার মনের অত্যন্ত কাছের।’

ভবিষ্যতে কোনও একদিন এই ছবি বানানো হবে বলে আশা প্রকাশ করেন পরেশ।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওএমজি: ওহ মাই গড’। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন পরেশও। ওই ছবির সাফল্যের ১১ বছর পরে মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ ‘ওএমজি ২’। শোনা গিয়েছিল, পারিশ্রমিক সংক্রান্ত কারণেই নাকি ছবি থেকে বাদ পড়েছেন পরেশ।

আইএ/ ২৪ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language