ফুটবল

মিশরের বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

ব্রাসিলিয়া, ৫ জুন – ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফরোয়ার্ড নেইমার দলের শেষ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে খেলতে যাচ্ছেন না। শনিবার মিশরের বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে সফর করবেন না।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, চলতি মৌসুমে একাধিক চোটে ভোগা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে পায়ের কাফের সমস্যায় আক্রান্ত। এ কারণে তাকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের অনুশীলন ক্যাম্পে রেখেই চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিতব্য ম্যাচে তাকে পাওয়া যাবে না।

গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করার সময় প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে দলে অন্তর্ভুক্ত করায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। অন্যদিকে হোয়াও পেদ্রোর মতো কয়েকজন পরিচিত খেলোয়াড় দল থেকে বাদ পড়েন।

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তারা ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে ব্রাজিল শিবিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language