ভারতের নিরাপত্তাবিরোধী কাজে মিয়ানমারের ভূমি ব্যবহার হবে না: মিন অং হ্লেইং

নয়াদিল্লি, ৫ জুন – ভারতের জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী কোনো কাজে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লেইং।
সোমবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের নেতৃত্বে আসেন মিন অং হ্লেইং। পরবর্তীতে ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
শনিবার ভারতের বিহার রাজ্যে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান বুদ্ধগয়া ও মহাবোধি মন্দির পরিদর্শন শেষে তিনি নয়াদিল্লি পৌঁছান।
দিল্লিতে আসার পর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। জয়শঙ্কর এই বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করে দুই দেশের সমৃদ্ধি ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
মোদির সঙ্গে বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ৫ জুন ২০২৬









