শিক্ষা

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাচ্ছেন ঢাবির ৬ শিক্ষক

ঢাকা, ১৪ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। বিষয়টি একাডেমিক কাউন্সিলে অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনুমোদিত হওয়ার পর এই ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিয়োগ পাওয়া ছয় ইমেরিটাস শিক্ষক হলেন ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

গত তিন দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক এই মর্যাদা পেয়েছেন। তারা হলেন আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন ও এ কে আজাদ চৌধুরী। এবার আরও ছয় অবসরপ্রাপ্ত শিক্ষক এই মর্যাদা পেতে যাচ্ছেন।

ইমেরিটাস অধ্যাপক নিয়োগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক মর্যাদা দেওয়ার বিষয়টি একাডেমিক কাউন্সিলে অনুমোদন দেওয়া হয়েছে। এখন শুধু সিন্ডিকেট অনুমোদন দিলে বিষয়টি চূড়ান্ত হবে। সিন্ডিকেট সভায় অনুমোদন পেলে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাওয়া সৈয়দ মনজুরুল ইসলাম একজন লেখক, চিন্তক ও কথাসাহিত্যিক। খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য। তিনি বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান।

আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। নজরুল ইসলাম একজন শিক্ষাবিদ, ভূগোলবিদ, নগর বিশেষজ্ঞ ও লেখক। রফিকুন নবী একজন খ্যাতিমান চিত্রকর ও কার্টুনিস্ট। হাশেম খান খ্যাতিমান চিত্রশিল্পী।

উল্লেখ্য, শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে
নিয়োগ দেওয়ার রীতি আছে। ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৪ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language