দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত বেড়ে ১৪

ব্রাসিলিয়া, ০৯ জুলাই – ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার নিখোঁজ সর্বশেষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর তারা দুর্ঘটনায় নিহতের এ চূড়ান্ত সংখ্যা জানান সেখানকার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যেই ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫ লাখ বাসিন্দার উপকূলীয় শহর হেসিফিতে গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে। তবে ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসের সঙ্গে সঙ্গেই শুক্রবারই ৮ মৃত্যুর খবর নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ড্রোন ফুটেজে চারতলা অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে পড়ার পর দমকল কর্মী ও উদ্ধারকর্মীদের জোর তৎপরতা চালাতে দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে, তখন অনেক বাসিন্দাই সম্ভবত ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language