ফুটবল

প্রথমার্ধে বাংলাদেশ-মালদ্বীপ ১-১ সমতা

নয়াদিল্লি, ২৫ জুন – প্রথমার্ধে কি দাপুটে ফুটবলই না খেললো বাংলাদেশ! স্রোতের বিপরীতে খেলে অবশ্য এগিয়ে গিয়েছিল মালদ্বীপ। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। প্রথমার্ধের শেষদিকে এসে গোল শোধ করে দিয়েছে।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের হয়ে ১৭ মিনিটে গোল করেন হামজা মোহাম্মদ। ৪২ মিনিটে গোল শোধ করেন বাংলাদেশের রাকিব হোসেন।

বেঙ্গালুরুতে সাফ ফুটবলে বাংলাদেশের এই ম্যাচটি বাঁচামরার। শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে জামাল ভূঁইয়ার দল। প্রথমার্ধে ৫৬ ভাগ বল দখলে রেখে ১৩টি শট নেয় বাংলাদেশ, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩ শটের একটিতে গোল পেয়ে যায় মালদ্বীপ।

ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ৩টি কর্নার তৈরি করে বাংলাদেশ। প্রথমার্ধে তারা মোট কর্নার নিয়েছে ৮টি, বিপরীতে মালদ্বীপ পায় মাত্র একটি কর্নার।

দশম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেতে পারতো বাংলাদেশ। কিন্তু ফয়সালকে বক্সের ঠিক বাইরে মালদ্বীপের এক ফুটবলার ফেলে দিলেও বাঁশি বাজাননি রেফারি। বল বাইরে গেলে কর্নার পায় বাংলাদেশ।

বাঁ প্রান্ত থেকে জামাল ভূঁইয়ার কর্নারে হেড করেছিলেন সোহেল রানা। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক সেটা ধরে ফেলেন।

স্রোতের বিপরীতে খেলে ১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। ডানদিক থেকে ফাসিরের পাস থেকে বক্সের বেশ বাইরে থেকে শট নিয়ে দারুণ এক গোল করেন হামজা মোহাম্মদ (১-০)।

এর কিছুক্ষণ পর বড় একটা ভুল করে বসেছিলেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের অনেকটা বাইরে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন তিনি, কিন্তু হেডে বল লাগাতে পারেননি ভালোভাবে। কপাল ভালো, বলটা মালদ্বীপের কারও কাছে গিয়ে পড়েনি।

৩২ মিনিটে বাংলাদেশের তপু বর্মন বক্সের মধ্যে হেডে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন। দুই মিনিট পর ফয়সাল আহমেদ ফাহিম খালি জায়গা পেয়ে দুর্বল শটে সুযোগ নষ্ট করেন।

তবে বিরতির ঠিক আগে ভাগ্য ফেরে দাপুটে খেলা বাংলাদেশের। ৪২ মিনিটে সোহেল রানা উঁচু করে বল দেন বক্সের মধ্যে, তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান (১-১)। ম্যাচে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা ও রাকিব হোসেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language