আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করল বিআরটিএ

ঢাকা, ২৬ এপ্রিল – জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন তালিকা প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা গুনতে হবে যাত্রীদের।
সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা ভাড়া লাগবে।
দেশের সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে পরিচিত সায়েদাবাদ থেকে টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা ভাড়া ঠিক করা হয়েছে।
উত্তরাঞ্চলের রুটে ঢাকা থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা এবং দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা ভাড়া পড়বে। এছাড়া রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া ধরা হয়েছে।
জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









