আইন-আদালত

মোহাম্মদপুরে ৯ হত্যা: ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

ঢাকা, ২৬ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশন প্রথমে অভিযোগ গঠনের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরবে এবং পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবীরা ডিসচার্জ বা অব্যাহতি চেয়ে শুনানি করবেন।

এর আগে ১৫ এপ্রিল এই শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দ্বিতীয়বারের মতো সময় পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন। গত ৮ এপ্রিলও শুনানির কথা ছিল তবে প্রয়োজনীয় নথি সরবরাহ না করায় তা সম্ভব হয়নি। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

মামলার উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের উসকানি ও প্রত্যক্ষ উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে মাহমুদুর রহমান সৈকত এবং ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন। ঘটনায় গুরুতর আহত হন আরও অনেক সাধারণ মানুষ।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language