জাতীয়

উদ্ভাবকদের প্রতিভার স্বীকৃতি নিশ্চিতে আধুনিক সেবা ব্যবস্থা গড়ছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একটি আধুনিক ও কার্যকর সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।

শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জানান, অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা প্রদান ও আইনি সুরক্ষা জোরদারের পাশাপাশি নকল পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগামীকাল বাংলাদেশে উদযাপিত হতে যাওয়া বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এবারের মেধাস্বত্ব দিবসের প্রতিপাদ্য মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো দেশের তরুণদের মেধাশক্তি বিকাশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, মেধাস্বত্ব সুরক্ষা নতুন উদ্ভাবন ও সৃজনশীল কর্মপ্রচেষ্টাকে উৎসাহিত করে। এটি ক্রীড়াপ্রযুক্তি, ব্র্যান্ডিং এবং উদ্যোক্তা বিকাশে বিশেষ ভূমিকা পালন করে।

বর্তমানে বাংলাদেশ তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ উল্লেখ করে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, কৃষি ও গবেষণার প্রসারে মেধাস্বত্ব সুরক্ষা অপরিহার্য।

এছাড়া জামদানি ও ইলিশের মতো ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও জানান, ক্রীড়া খাতকে সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে রূপান্তর করতে খেলোয়াড়দের জন্য ভাতা ও স্পোর্টস কার্ডের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিশ্বাস করেন, এসব উদ্যোগ দেশের ক্রীড়াভিত্তিক শিল্প, পণ্য উৎপাদন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language