মধ্যপ্রাচ্য

ঐতিহাসিক সফরে সিরিয়ায় ইরানের প্রেসিডেন্ট

দামেস্ক, ০৪ মে – যুগান্তকারী সফরে সিরিয়ায় পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ‘বিরল’ বৈঠকে অংশ নেবেন। দুই দিনের সফরে গতকাল বুধবার সিরিয়ার দামেস্কে পৌঁছেছেন রাইসি। দেশটিতে গৃহযুদ্ধ বাধার পর এটিই ইরানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। খবর আলজাজিরার।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলন শুরু করেন বিরোধীরা, যা পরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। বাশার আল-আসাদের ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু থেকেই তাঁকে সহায়তা করেছে ইরান। প্রেসিডেন্ট আসাদ ও তাঁর সরকারি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় ইরান নিজেদের অসংখ্য সামরিক উপদেষ্টা এবং মধ্যপ্রাচ্য থেকে কয়েক হাজার যোদ্ধাকে পাঠিয়েছে। তাদের কারণে কয়েক বছর ধরে আবারও সিরিয়ার বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। দুই দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতামূলক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। সাম্প্রতিক সময়ে আবারও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়েছে সৌদি আরব, মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। এমন সময়ই সিরিয়ায় গেলেন ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: সমকাল
আইএ/ ০৪ মে ২০২৩

Back to top button
🌐 Read in Your Language