জাতীয়

পদ্মা সেতুতে নিয়ম না মানায় ৯ বাইকারকে জরিমানা

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল – শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুতে অভিযান শেষে মোট ৯ জনের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ।

পদ্মা সেতুতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল চলাচলের জন্য সুযোগ দেয়া হয়েছে সম্প্রতি। তবে এ সুযোগ পেয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না অনেকে। নিয়ম ভাঙছেন মোটরসাইকেল চালকরা। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।

ঈদযাত্রায় নিয়ম ভাঙার দায়ে ওই ৯ মোটরসাইকেল চালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমান আদায় করা হয়। মুন্সিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলুর রহমান জানান, এর মধ্যে মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম ও মো. ইসমাইলের নাম জানা গেছে। জরিমান দেয়া ব্যক্তিরা পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন করে দেয়ার পরও অনেকে মানছেন তা। তাই সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চালানোয় জরিমানা করা হয়।

তিনি বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হয়।

ওইদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ও সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ। এর প্রায় দশ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম না মানলে ব্যবস্থা নেয়া হবে। তবে নিয়ম মেনে চলাচল করতে ঈদের পরও মোটরসাইকেলে চলাচলের ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ এপ্রিল ২০২৩

Back to top button
🌐 Read in Your Language