রাজশাহী

রাজশাহীতে ‘হিট স্ট্রোকে’ খামারের ৬০০ ইঁদুরের মৃত্যু

রাজশাহী, ২০ এপ্রিল – তীব্র গরমে রাজশাহীতে বাণিজ্যিকভাবে পালন করা অ্যালবিনো প্রজাতির অন্তত ৬০০ ইঁদুর মারা গেছে। গত কয়েকদিনে মারা যাওয়া ইঁদুরগুলো ‘হিট স্ট্রোক’ করেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। তবে হিট স্ট্রোক থেকে ইঁদুরগুলোকে বাঁচাতে শীতলস্থানে রাখার পরামর্শ দিয়েছেন ভেটেরিনারি বিশেষজ্ঞরা।

রাজশাহীর পবা উপজেলার কাটখালীর সমসাদিপুরে বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুর পালন করছেন সালাউদ্দিন মামুন নামের এক খামারি। খামার থেকে মামুন প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা আয় করেন। প্রতিটি ইঁদুর বিক্রি করেন ১২০ টাকা দরে। কিন্তু গত ১৫ দিনের তীব্র দাবদাহে মামুনসহ রাজশাহীর আরও অন্তত ২০ জন খামারির প্রায় ৬০০ ইঁদুর মারা গেছে। এর মধ্যে শুধু মামুনের খামারেই মারা গেছে ৩৫০টি ইঁদুর।

খামারি মামুন বলেন, ‘আমরা খামারকে ঠাণ্ডা রাখার জন্য ফ্যান ব্যবহার করি। কোনো কোনো সময় ফ্যানও থাকে না। কিন্তু বিদেশে ল্যাবগুলোতে এসির ব্যবস্থা রয়েছে। একইভাবে দেশের সরকারি ল্যাবগুলোতেও এসি চলে। ফলে সেখানে গরমের সময়ও ইঁদুর পালনে সমস্যা হয় না। আমাদের রাজশাহীতে তাপমাত্রা বেশি, গরম বেশি। গরমের তুলনায় আমরা ইঁদুরের জন্য ঠাণ্ডা জায়গার ব্যবস্থা করতে পারিনি। এসি কেনার মতো সামর্থ্য নেই। খামারগুলো টিনের ছাউনি দিয়ে তৈরি। ফলে প্রখর রোদে খামারের ভেতরের পরিবেশ আরও গরম হয়। এ ছাড়া ইঁদুর বক্সের ভেতরে থাকে। ফলে তীব্র ভ্যাপসা গরমের মধ্যে পড়ে মারা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তীব্র দাবদাহের কারণে শুধু আমাদের নয়, আরও অন্তত ২০ খামারির ইঁদুর মারা গেছে। খামারিদের মধ্যে আমার সবচেয়ে বেশি, অন্তত ৩৫০ ইঁদুর মারা গেছে। অন্য ২০ জন খামারির মোট ২৫০ ইঁদুর মারা গেছে। আমরা চেষ্টা করছি, ইঁদুরগুলোকে রক্ষা করার। অনেক খামারি পানি স্প্রে করছেন। এতে কিছু ইঁদুর বেঁচে গেছে।’

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, ‘ইঁদুর মারা যাওয়ার বিষয়টি শুনেছি। গত কয়েকদিন ধরে রাজশাহীতে দাবদাহ চলছে। সে কারণে হিট স্ট্রোকের সমস্যা হচ্ছে। আমরা সবসময় বলছি প্রাণিগুলোকে শীতল স্থানে রাখতে। পাশাপাশি গবাদি পশুদেরও গোসল করাতে।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সের ডেপুটি চিফ ভেটেরিনারিয়ান ডা. হেমায়েতুল ইসলাম বলেন, গরমে ইঁদুর মারা গেছে এটা ময়নাতদন্ত ছাড়া সরাসরি বলা যাবে না। তবে গরম একটা ফ্যাক্টর হতে পারে। গরমের কারণে হিট স্ট্রোকও হতে পারে। কিন্তু হঠাৎ করে এতোগুলো ইঁদুর মারা যাওয়া অস্বাভাবিক। খাবারে টকসিনের কারণেও ইঁদুরগুলো মারা যেয়ে থাকতে পারে।’

উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে গত ১৫ দিন ধরে তীব্র দাবদাহ চলছে। এরমধ্যে এক সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা প্রায় ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। এতে মানুষসহ প্রাণীকুলের নাভিশ্বাস উঠেছে।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২০ এপ্রিল ২০২৩


Back to top button