নারায়নগঞ্জ

বঙ্গবন্ধু ও তার মাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জ, ২৫ মার্চ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. কাজী রুবায়েত হাসান সায়িমকে (৫০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া নয়াপাড়ার ৯৭/১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল-মামুন বিএনপি নেতা সায়িমকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে কটূক্তি করায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার অ্যাড. কাজী রুবায়েত হাসান সায়িমকে প্রায়ই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের সঙ্গে দেখা যায়। সে বিদিশার ঘনিষ্টজন হিসেবে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অ্যালকোহলের বোতাল থেকে গ্লাসে পানীয় ঢালার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মাকে নিয়ে গালমন্দ করছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language