শিক্ষা

মিথ্যাচার না করে নতুন শিক্ষাক্রমের গঠনমূলক আলোচনা করার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাঁদপুর, ০৪ ফেব্রুয়ারি – শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচারের কারণে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে। মিথ্যাচার ও অপপ্রচার না করে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য নিয়ে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম নিয়ে এতো কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে, অবশ্যই সংশোধন করেছি এবং করবো। যেখানে চিহ্নিত হবে ভুল, সেখানে শুদ্ধ হবে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে, সেটিতো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী এ নিয়ে পেছনে লেগেছে।

এখন থেকে যারা বই লিখবেন, যেখান থেকে যে তথ্য নিবেন সেই সূত্র উল্লেখ থাকতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন- কারো তথ্য নেওয়া হলে সূত্র উল্লেখ করে দিবেন।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language