ফুটবল

মেসিদের বাংলাদেশে আগমন নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকা, ১৮ জানুয়ারি – আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিন বেলা ১১ টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গত মাসে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে।

তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, শর্তাবলি অনুযায়ী জুনে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হলে তারা কয়েকটি দেশের নামের তালিকা দেবে বাংলাদেশকে। সেই তালিকা থেকে একটি দলকে আনার উদ্যোগ নিবে বাফুফে। আর এই আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language