ময়মনসিংহ

স্ত্রীকে ‘শ্বাসরোধ করে হত্যা’, স্বামী পলাতক

ময়মনসিংহ, ২৮ নভেম্বর – ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফুয়াদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার পর গতকাল শুক্রবার রাতে স্ত্রী মুয়মুন মুনাকে (২৫) হাসপাতালে রেখে পালিয়ে যায় ফুয়াদ হোসেন ও তার পরিবারের লোকজন।

নিহতের মামা ফারুক হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ আমাদেরকে ফোন করে জানায়, মুনা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়ে।’

তিনি অভিযোগ করেন, ‘শুশ্বরবাড়ির লোকজন প্রায় সময়ই যৌতুকের জন্য মুনাকে মারধর করত। জমি বিক্রি করেও ফুয়াদকে টাকা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না— ভাস্কর্য ইস্যুতে কাদের

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এরই জেরে ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।’

ওসি ফিরোজ তালুকদার আরও বলেন, ‘মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার শ্বশুড় বাড়ির লোকজন পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সুত্র : আমাদের সময়
এন এ/ ২৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language