বেশ ভালো আছি আমরা

ঢাকা, ২৬ নভেম্বর- সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন জাকিয়া সুলতানা কর্ণিয়া। করোনাকালীন বিরতি ভেঙে আবারও গানে সরব হয়েছেন তিনি। একের পর এক গান আর আড্ডা বিষয়ক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এছাড়াও ইউটিউবে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’ শিরোনামে একটি শো শুরু করেছেন।
অনুষ্ঠানটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে কর্ণিয়া বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলটি সক্রিয় করতেই নতুন গান আর আড্ডা বিষয়ক অনুষ্ঠান করছি। এটি তারই একটি অংশ। এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত-শ্রোতাদের গান ও তাদের সঙ্গে আড্ডা দেওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। যেহেতু অনুষ্ঠানটি বাসা থেকে করতে পারছি আর ভক্তরাও এতে যুক্ত হতে পারছে, তাই অনুষ্ঠানটি নিয়ে দারুণ সাড়া পাচ্ছি।’
নতুন গান কবে প্রকাশ হবে? উত্তরে তিনি বলেন, ‘করোনার প্রথম কয়েক মাস একদমই কাজ করিনি। এখন কাজ করছি, তাও অনেক বেছে বেছে। এর মধ্যে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানেও অংশ নিচ্ছি। তার পাশাপাশি কয়েকটি নতুন গান তৈরি করেছি। যা ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে। আগামী মাসে “অন্ধপ্রহর” শিরোনামের একটি গান প্রকাশ করার ইচ্ছে আছে। এর কথা, সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
প্লেব্যাকের খবর বলুন। কর্ণিয়ার ভাষ্য, ‘সম্প্রতি শফিক হাসান পরিচালিত “দ্য অ্যাডভাইজার” সিনেমার জন্য একটি গান গেয়েছি। এর সুর-সংগীত করেছেন শামীম মাহমুদ। গানটি আমার সঙ্গে সহশিল্পী ছিলেন ইমরান। এছাড়া আরও কিছু সিনেমার গান গাওয়ার বিষয়ে কথা চলছে।’
করোনাকালীন সময়েই নতুন জীবন শুরু করেছেন। সংসার জীবন কেমন যাচ্ছে? ‘ঘরোয়া আয়োজনে আমাদের আকদ হয়েছে। বেশ ভালো আছি আমরা। করোনা পরিস্থিতি ঠিক হলে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে।’
সূত্রঃ আমাদের সময়
আডি/ ২৬ নভেম্বর







