হলিউড

মারা গেছেন অস্কারজয়ী আইরিন কারা

আমেরিকান গায়িকা এবং অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। ‍মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৮০ সালের ‘ফেম’ চলচ্চিত্রে টাইটেল ট্র্যাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন গায়িকা। সেই সাথে ‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট এ ফিলিং’ সহ বেশ কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

‘হোয়াট এ ফিলিং’ এর জন্য তিনি অস্কার এবং একটি গ্র্যামি জিতেছিলেন।
গায়িকা হিসেবে সাফল্য পাওয়ার পর ক্লিন্ট ইস্টউড এবং টাটুম ও’নিলের বিপরীতে চলচ্চিত্রে অভিনয়ও করেন আইরিন কারা। অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন কারা।

কারার প্রচারক জুডিথ এ মুজ তাঁর মৃত্যুর ঘোষণা করে বলেছেন, কারা ফ্লোরিডায় নিজ বাড়িতে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। কারার প্রশংসা করে মুজ বলেন, কারা তাঁর সঙ্গীত এবং চলচ্চিত্রের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন মানুষের মাঝে।

১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন কারা। তাঁর বাবা পুয়ের্তো রিকান। তাঁর মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কারা।

স্প্যানিশ ভাষার একটি টিভিতে কর্মজীবন শুরু করেন কারা। শৈশবে স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় সঙ্গীত রেকর্ড করার পরে তিনি বেশ কয়েকটি অন-অফ ব্রডওয়ে মিউজিক্যাল শো’তে নিজের প্রতিভা দেখান। তবে কারা তারকাখ্যাতি পান ১৯৮০ সালে। সে বছর কোকো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি এবং ফেমের টাইটেল ট্র্যাক গেয়েছিলেন। এরপর জনপ্রিয়তার শীর্ষে পৌছে যান এই গায়িকা-অভিনেত্রী।

কারার মৃ্ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড অঙ্গনে। শোক জানিয়েছেন তাঁর সহকর্মী ও চলচ্চিত্র তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভক্ত অনুরাগীরা গায়িকার প্রয়াণে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

আইএ/ ২৭ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language