ঢাকা

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যার অভিযোগ

ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে তর্কের জেরে বাসের হেলপার ধাক্কা দিলে আবু সায়েম মুরাদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া বাসে আগুন দিয়েছে।

নিহত মুরাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৪-২০০৫ সেশনের শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি বায়িং হাউজে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদ যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটের ৮ নম্বর বাসের যাত্রী ছিলেন। ভাড়া নিয়ে তর্কের জেরে বাসের হেলপার ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে অন্য বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করে বলেন, তার ভাইকে হেলপার ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়ায় আরেক বাসের চাপায় মৃত্যু হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির আংশিক ক্ষতি হয়েছে। আর ভাড়া নিয়ে তর্কের জেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language