ঢাকা

গুলশানে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

ঢাকা, ১৩ অক্টোবর – রাজধানী গুলশান-১ নম্বরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত দম্পতি হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।

গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, বুধবার দিবাগত রাতে গুলশান ১ নম্বরের ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় আগুন লাগে। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় বাসায় থাকা স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করে গুলশান ২ নম্বরে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মৃতদের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃত দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাসায় আগুন লাাগার খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার বেডরুম থেকে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language