বাগেরহাট

কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন ৩১ ভারতীয় জেলে

বাগেরহাট, ০৮ অক্টোবর – বঙ্গোপসাগরে অবৈধ প্রবেশ করে মাছ ধরার অপরাধে আটক হওয়া ৩১ ভারতীয় জেলে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন।

শনিবার (০৮ অক্টোবর) আদালত দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়।

এ সময়, বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা, বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি প্রভাত মুন্দা উপস্থিত ছিলেন।

পরে সড়ক পথে পুলিশ প্রহরায় মোংলায় নেওয়া হয় মুক্তি পাওয়া জেলেদের। বিকেলে মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ২টি ট্রলারে করে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া জেলেরা এফ বি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারে করে রওনা দিয়েছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

এর আগে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ৩১ আগস্ট সন্ধ্যায় এফ বি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

পরে ০১ সেপ্টেম্বর দুপুরে আটক ভারতীয় জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আনা হয়। ০২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language