ঢাকার ফুলবাড়িয়া মার্কেটে অগ্নিকাণ্ড
ঢাকা, ০৩ সেপ্টেম্বর – রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বায়তুস সমীর মার্কেটের দুইটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ভোর ৫টার দিকে ফুলবাড়িয়া বায়তুস সমীর মার্কেটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৩ মিনিটে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ দুইটি দোকানের মধ্যে আগুন সীমাবদ্ধ রেখে সকাল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তৎপরতায় মার্কেটের অন্য দোকানগুলোতে আগুন ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২২









