ঢাকা

শেওড়াপাড়ায় বর্জ্যের ভাগাড় নির্মাণে নিষেধাজ্ঞা

ঢাকা, ৮ আগস্ট – রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার ইয়ুথ টাওয়ার গলিতে গৃহস্থালির বর্জ্য রাখার অস্থায়ী ভাগাড় বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

এর আগে গত ৭ আগস্ট ঢাকার শেওরাপাড়া এলাকায় গৃহস্থালির বর্জ্য রাখার অস্থায়ী ভাগাড় নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়। স্থানীয় বাসিন্দা আইনজীবী মো. জসিম উদ্দিনসহ ১০ জন এ রিটটি দায়ের করেন। রিট আবেদনে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, গলির রাস্তার প্রশস্ততা কম। কোনোমতে একটি প্রাইভেটকার চলতে পারে। ভাগাড় থেকে ময়লা-আবর্জনা পরিবহনে ওই রাস্তায় বর্জ্য পরিবহনের ভ্যান ও বড় যানবাহন চললে রাস্তাটি এলাকাবাসী ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে যাবে। এছাড়া ওই রাস্তায় শিশু ও বয়স্করা সকাল-সন্ধ্যা হাঁটাহাঁটি ও দৌড়াদৌড়ি করে শরীরচর্চা করেন। ভাগাড়টি চালু হলে সেটি করাও সম্ভব হবে না।

অন্যদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গৃহস্থালির বর্জ্য রাখার অস্থায়ী ভাগাড় বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে আপত্তি জানিয়েছেন রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার ইয়ুথ টাওয়ার গলির বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে ভাগাড়ের নির্মাণকাজ বন্ধের জন্য লিখিত আবেদনও করেছেন স্থানীয় বাসিন্দারা। মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের কাছে করা আবেদনে এলাকাবাসীর পক্ষে বলা হয়, নির্মাণাধীন ভাগাড়ের চার মিটারের মধ্যে আবাসিক এলাকা। কাছেই অন্য একটি বেসরকারি বিদ্যালয়। তাই সেখানে ভাগাড় নির্মাণ করা হলে, পচা বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধে বসবাসের পরিবেশ বিঘ্নিত হবে। যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

সূত্র: সমকাল
আইএ/ ৮ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language