বিশেষজ্ঞ চিকিৎসক মাকসুদুস সালেহীন করোনায় মারা গেছেন

ময়মনসিংহ, ১৪ নভেম্বর- ময়মনসিংহ চক্ষু হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও আলী রেজা চক্ষু ক্লিনিকের স্বত্বাধিকারী বিশেষজ্ঞ চিকিৎসক মাকসুদুস সালেহীন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শুক্রবার রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
ময়মনসিংহ জেলায় তিনিই প্রথম চিকিৎসক, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নগরীর ভাটিকাশর গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এম-১৫ ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে।
গতকাল পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৭ জন।
চক্ষু বিশেষজ্ঞ ডা. মাকসুদুস সালেহীনের মৃত্যুতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন। শোক বিবৃতিদাতারা হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশেনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি চক্ষু বিশেষজ্ঞ হরি শংকর দাশ, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক ডা. এইচএ গোলন্দাজ তারা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মুুক্তিযোদ্ধা এফএমএ সালাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সূত্র: আমাদের সময়
আর/০৮:১৪/১৪ নভেম্বর









