চট্টগ্রাম

‘রাজ-পরীর’ ঘরে এলো একসঙ্গে ৪ অতিথি

চট্টগ্রাম, ৩১ জুলাই – চট্টগ্রাম চিড়িয়াখানায় চারটি সাদা বাঘশাবকের জন্ম হয়েছে। শনিবার শাবকগুলো জন্ম নিলেও রোববার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, বাঘিনী পরীর ঘরে চারটি শাবকের জন্ম হয়। তারা সবাই সুস্থ আছে ও মায়ের দুধ পাচ্ছে। জন্মের পর এক দিন শাবককে দুধ খাওয়ানো ও ঝামেলামুক্ত পরিবেশে পর্যবেক্ষণ করতে হয়। এ কারণে শাবকদের জন্মের তথ্য দেরিতে প্রকাশ করা হয়েছে।

২০১৬ সাল থেকে এই চিড়িয়াখানায় পরীর সঙ্গী বাঘ রাজ। দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে ১১ ও ৯ মাস বয়সী দুটি রয়েল বেঙ্গল টাইগার আনা হয়। পরে পুরুষটির রাজ ও মাদিটির নাম পরী দেওয়া হয়।

২০২১ সালের ৬ মে রাজ-পরীর মাধ্যমে প্রথমবারের মতো তিনটি সাদা শাবকের জন্ম হয়। নতুন জন্ম হওয়া প্রতিটি শাবকের ওজন প্রায় ৮০০ থেকে ৯০০ গ্রাম। তারা মায়ের সঙ্গে খাঁচায় আছে। এক সপ্তাহ পর তাদের লিঙ্গ পরিচয় জানা যাবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির অন্তত ৬২০টি পশুপাখি রয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/৩১ জুলাই ২০২২

Back to top button
🌐 Read in Your Language